স্মার্ট মিটারের বিরুদ্ধে সিউড়িতে মানববন্ধন, আন্দোলন জারি রাখার আহ্বান

সেখ রিয়াজুদ্দিনঃ

স্মার্ট মিটার বাতিলের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি বীরভূমের সিউড়িতেও মানববন্ধন কর্মসূচি পালন করল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (অ্যাবেকা)। বৃহস্পতিবার বিকেলে সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্মার্ট মিটার গ্রাহক স্বার্থবিরোধী। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক স্মার্ট মিটার স্থাপনের বিরোধিতা করে প্রতিদিন সংশ্লিষ্ট কল সেন্টারে আপত্তিপত্র (অবজেকশন ফর্ম) জমা দিচ্ছেন। তাদের দাবি, সাধারণ মানুষের মধ্যে স্মার্ট মিটার নিয়ে ব্যাপক অসন্তোষ ও উদ্বেগ তৈরি হয়েছে।
সংগঠনের বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, আপাতত সাধারণ গৃহস্থদের বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না। তবে অ্যাবেকার দাবি, আরডিআরএস (RDRS) প্রকল্প সম্পূর্ণভাবে বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সেই লক্ষ্যেই রাজ্যের সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থ ও মতামতকে গুরুত্ব দিয়ে যে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানানো হয়।
এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির (অ্যাবেকা) বীরভূম জেলার অন্যতম সংগঠক কল্যাণ মণ্ডল-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎ গ্রাহকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *