
সেখ রিয়াজুদ্দিনঃ
কার্গিল বিজয় দিবস উপলক্ষে রবিবার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের ৩ নম্বর মণ্ডলের খয়রাসোলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নতুন দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, “দলীয় কার্যালয়ের উদ্বোধন মানেই কর্মীদের দায়িত্ব আরও বেড়ে যাওয়া। এই কার্যালয় শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র নয়, মানুষের সেবা ও সহযোগিতার অন্যতম ঠিকানা হয়ে উঠতে হবে।”
তিনি বলেন, খয়রাসোল ব্লকের গুরুত্বপূর্ণ এলাকায় এই কার্যালয় অবস্থিত। এখানে থানা, ব্লক প্রশাসন-সহ বিভিন্ন সরকারি দপ্তর থাকায় প্রতিদিনই নানা প্রয়োজনে বহু মানুষের যাতায়াত হয়। সেই সব সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা পান, সে বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দলের কর্মীদের নিতে হবে।
অনুপ কুমার সাহা আরও বলেন, আগামী দিনে এই কার্যালয়ে মানুষের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনা হবে এবং যথাসম্ভব তার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। দলীয় কার্যালয়কে প্রকৃত অর্থেই একটি ‘মানুষের সেবাকেন্দ্র’ হিসেবে গড়ে তুলতে সকল কর্মী-সমর্থকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কার্যালয় পরিচালনার ক্ষেত্রে তিনি সংগঠনের মূলনীতি অনুসরণ করে সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেন। এর মধ্যে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, কর্মীদের সক্রিয় ভূমিকা, কোষাগারের সুষ্ঠু ব্যবস্থাপনা-সহ অন্যান্য সাংগঠনিক দিকগুলিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সুকুমার নন্দী, জেলা সাধারণ সম্পাদিকা রীতা ঘোষ, জেলা সম্পাদক রথীলাল সিং, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক অনুপম বাগ, সাধারণ সম্পাদক বুদ্ধদেব চক্রবর্তী, তিনটি মণ্ডলের সভাপতি দেবব্রত গুপ্ত, উৎপল সাঁই, কৃষ্ণ গড়াই -সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।

