কয়থা সমবায়ে বাম-কংগ্রেস জোটের দখল অটুট, তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব খারিজ

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূমের নলহাটি থানার অন্তর্গত কয়থা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এ তৃণমূল কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাব ভোটাভুটিতে খারিজ হয়ে গেল। বুধবার অনুষ্ঠিত অনাস্থা ভোটে ১৯-১৮ ভোটের ব্যবধানে জয়ী হয়ে সমবায়ের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই ধরে রাখল বাম-কংগ্রেস জোট।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজ্যে সমবায় সমিতির নির্বাচন না হওয়ায় বিরোধী দলগুলির পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে ওঠে। এমনকি নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবিতে আদালতেরও দ্বারস্থ হয় বিরোধীরা। পরবর্তীতে ২০২৫ সালে কয়থা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ২০-১৭ ভোটে পরাজিত করে বোর্ড গঠন করে বাম-কংগ্রেস জোট।
এরপর সম্প্রতি ওই বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল কংগ্রেস। বুধবার সেই অনাস্থা ভোট অনুষ্ঠিত হলে শেষ পর্যন্ত ১৯-১৮ ভোটে অনাস্থা প্রস্তাব ব্যর্থ হয় এবং বাম-কংগ্রেস জোট পুনরায় তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সমবায়ের দখল অটুট রাখে।
এদিকে, অনাস্থা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বাম ও কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, জোটের এক কংগ্রেস সদস্যকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস। যদিও সেই কৌশল শেষ পর্যন্ত সফল হয়নি বলে তাদের দাবি।
জেলা যুব কংগ্রেসের সভাপতি নাসিরুল সেখ বলেন, “তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ার পরও শিক্ষা নেয়নি। দলীয় কোন্দল ও ভাঙন সামাল দিতে না পেরে তারা অন্য দলের সদস্যদের প্রলোভন দেখিয়ে নিজেদের দলে টানার চেষ্টা করছে। কয়থা সমবায়েও সেই একই কৌশল নেওয়া হয়েছিল। কিন্তু অনাস্থা ভোটে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এই ফলাফল গণতন্ত্রের জয় এবং তৃণমূলের রাজনীতির প্রতি মানুষের অনাস্থারই প্রতিফলন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *