অবৈধ লটারির কারবারে পুলিশের অভিযান, তিন লক্ষ টাকার টিকিট-সহ গ্রেফতার এক

সেখ রিয়াজুদ্দিনঃ

অবৈধ লটারির কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করল মুরারই থানার পুলিশ। ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ লটারির টিকিট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার, ৮ আগস্ট সন্ধ্যায় রাজগ্রাম এলাকায় অবৈধ লটারির কারবারের বিরুদ্ধে অভিযান চালায় মুরারই থানার পুলিশ। সেই অভিযানে রাজগ্রাম অঞ্চলের আম্ভুয়া গ্রাম থেকে রাজু শেখ নামে এক যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২৫০ বান্ডিল অবৈধ লটারির টিকিট উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া টিকিটগুলির আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানা গিয়েছে। পুলিশ ওই টিকিটগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি রাজু শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃত যুবকের বাড়ি মুরারই থানার আম্ভুয়া গ্রামে।
মুরারই থানার ওসি সাকিব সাহাব জানান, অবৈধ লটারির কারবারের অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার হওয়া টিকিটগুলি আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার, ৯ আগস্ট, ধৃতকে রামপুরহাট আদালতের এসিজেএম এজলাসে পেশ করা হলে আদালত তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *