শম্ভুনাথ সেনঃ
ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে লাগা বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল আস্ত একটি বাড়ি। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়াল বীরভূমের ইলামবাজার থানার ঘুড়িষা গ্রামের শ্রীপুর এলাকার এক পিতৃহীন পরিবার।
গতকাল রাত ৮টা নাগাদ প্রয়াত শেখ আলাউদ্দিনের বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভয়াবহ রূপ ধারণ করে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় অধিবাসীরা তড়িঘড়ি জল ঢেলে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে শেষ হয়ে গিয়েছে সবকিছু। আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে জামাকাপড়—সমস্ত সামগ্রীই ভস্মীভূত হয়ে গিয়েছে। পরিবারের প্রধান, ৫১ বছর বয়সী বিধবা মাবিয়া বিবি জানান, মানুষের বাড়িতে কাজ করে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে অতি কষ্টে সংসার চালাতেন তিনি। এই অগ্নিকাণ্ড তাঁদের এক লহমায় পথে বসিয়ে দিল। চরম অনিশ্চয়তায় দিন কাটানো নিঃস্ব পরিবারটি এখন প্রশাসনের কাছে জরুরি সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে।
