সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূমের রাজনগরে বিপুল পরিমাণ জাল লটারির টিকিট উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনগর-সিশালফার্ম রোডের ঐতিহাসিক কালিদহ পুকুরের পাড়ে একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের জাল লটারির টিকিট উদ্ধার করেছে রাজনগর থানার পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া টিকিটগুলি কোথা থেকে এসেছিল এবং এই কারবারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে জাল লটারির টিকিট মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার, বোলপুরের তত্ত্বাবধানে রাজনগর থানার ওসি অঙ্কুশ মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল রাজনগর-সিশালফার্ম রোডের কালিদহ পুকুর সংলগ্ন ওই গোডাউনে হানা দেয়। অভিযানে এসআই তপন দাস-সহ অন্যান্য পুলিশকর্মীরা ছিলেন।
গোডাউনে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল সংখ্যক জাল লটারির টিকিট উদ্ধার করে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া টিকিটগুলির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। ঘটনাস্থল থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া জাল লটারির টিকিটগুলি এলাকার বিভিন্ন লটারি কাউন্টারে সরবরাহ ও বিক্রি করা হত। তবে এই বেআইনি কারবারের পিছনে আরও কোনও ব্যক্তি বা বড় চক্র রয়েছে কি না, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে টিকিটের উৎস, সরবরাহকারী এবং এই কারবারের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্ত যত এগোবে, জাল লটারি চক্রের আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারীরা।
ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার সিউড়ি আদালতে পেশ করা হলে, তদন্তের স্বার্থে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, যে গোডাউন থেকে বিপুল পরিমাণ জাল লটারির টিকিট উদ্ধার হয়েছে, সেটিও পুলিশের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনগর এলাকায় জাল লটারির কারবার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্তের মাধ্যমে এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, এখন সেদিকেই নজর রাজনগর থানার পুলিশের।
