সেখ রিয়াজুদ্দিনঃ
লোকপুর থানা এলাকার গঙ্গারামচক-ভাদুলিয়া কোল মাইনিংকে ঘিরে দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে এল। গ্রামবাসীদের অভিযোগ, কয়লা উত্তোলনের সময় নিয়মিত ব্লাস্টিংয়ের ফলে ভাদুলিয়া গ্রামের মন্দির-সহ বিভিন্ন বাড়িতে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি গ্রামের ফুটবল খেলার মাঠও ক্ষতিগ্রস্ত হয়েছে। জঙ্গল থেকে নেমে আসা জলের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ায় বহু জমি জলাভাবে পতিত হয়ে পড়েছে বলেও অভিযোগ গ্রামবাসীদের।
এই সমস্ত সমস্যার প্রতিবাদে প্রায় ছয় মাস আগে গ্রামবাসীরা সোচ্চার হয়েছিলেন। সেই সময় তৎকালীন লোকপুর থানার ওসি, কোল মাইনিং কর্তৃপক্ষের আধিকারিক এবং গ্রামবাসীদের উপস্থিতিতে একটি বৈঠক হয়। অভিযোগ, ওই বৈঠকে গ্রাম ষোলোআনার পক্ষ থেকে দুটি বোলেরো গাড়ি কোল মাইনিংয়ে ভাড়ায় চালানোর আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ।
এরই প্রতিবাদে সোমবার সকাল থেকে ভাদুলিয়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। কোল মাইনিংয়ের গাড়ি আটকে দিয়ে তাঁরা নিজেদের দাবির কথা তুলে ধরেন।
গ্রামবাসীদের পক্ষ থেকে বলরাম দাস বলেন, “আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হচ্ছে না। শুধু টালবাহানা করা হচ্ছে। স্থানীয় থানার পুলিশ ও গ্রামবাসীদের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ না হওয়া পর্যন্ত কোল মাইনিংয়ের গাড়ি চলতে দেওয়া হবে না।”
অন্যদিকে, ঘটনার কথা স্বীকার করে স্থানীয় কোল মাইনিংয়ের ম্যানেজার গৌতম মুখার্জি বলেন, “বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।” প্রতিশ্রুতি পূরণের দাবিতে গ্রামবাসীদের এই আন্দোলনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধান এবং পূর্বের আশ্বাস কার্যকর না হলে আন্দোলন আরও জোরদার হতে পারে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

