শম্ভুনাথ সেনঃ
সংরক্ষণ নীতি লঙ্ঘন করে সহকারী কর্মসচিব পদে নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষকে সশরীরে হাজিরার নির্দেশ দিল জাতীয় তপশিলি জাতি কমিশন। আগামী ২০ আগস্ট দুপুর ২টোয় নতুন দিল্লিতে কমিশনের দপ্তরে তাঁকে সমস্ত নথিপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য,
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা ও একটি স্কুলের প্রধান শিক্ষক লিটন বিশ্বাস এই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে জাতীয় তপশিলি জাতি কমিশনে লিখিত আবেদন করেছিলেন। তাঁর অভিযোগ, ২০২৫ সালের ২৭ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে সহকারী কর্মসচিব পদটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত থাকলেও, সরকারি নিয়ম বা সংরক্ষণের নির্দেশিকা না মেনে গত ৮ জুলাই সুখেন্দু মজুমদারকে ওই পদে নিয়োগ করা হয়। এমনকি, লিখিত ও মৌখিক পরীক্ষার কোনো চূড়ান্ত মেধাতালিকাও প্রকাশ করা হয়নি বলে অভিযোগ।
এই বিষয়ে এর আগে কমিশন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে ব্যাখ্যা তলব করেছিল। পরবর্তীতে কমিশন সরাসরি উপাচার্য প্রবীর কুমার ঘোষকে তলব করে। বিশ্বভারতী সূত্রে খবর, কমিশনের সহকারী অধিকর্তা ডঃ দীনেশ ব্যাসের এই নির্দেশ পাওয়ার পরেই উপাচার্য দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো আধিকারিক মন্তব্য করতে চাননি। উল্লেখ্য, অতীতেও এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে এবং তৎকালীন উপাচার্যের আমলেও সিবিআই তদন্তের মুখোমুখি হতে হয়েছিল বিশ্বভারতীকে।
