বিশ্বমঞ্চে বীরভূমের শিল্প: বোলপুরে অনুষ্ঠিত হলো MSME-র ডিজিটাল বিপণন ও রপ্তানি বিষয়ক জাতীয় কর্মশালা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও স্থানীয় ব্যবসাকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করতে ২৮ আগষ্ট সকাল ১১:০০ টায় বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে আয়োজিত হলো “ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এক্সপোর্ট প্রমোশন ফর MSME” শীর্ষক একদিনের বিশেষ জাতীয় সেমিনার ও কর্মশালা। ভারত সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (MSME) মন্ত্রকের অধীনস্থ MSME – ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন অফিস, সিউড়ি-র উদ্যোগে এবং একাধিক কেন্দ্রীয় সংস্থার সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন দুই বিধায়ক অনুপ কুমার সাহা ও কৃষ্ণকান্ত সাহা সহ দপ্তরের বিভিন্ন আধিকারিক প্রদীপ কুমার দাস, প্রমথেশ শচীন মহানগাডে, তাপস রায়, রাজর্ষি মাজি প্রমুখ। মন্ত্রীর প্রারম্ভিক বক্তব্যে উঠে আসে কীভাবে আধুনিক যুগের ডিজিটাল হাতিয়ার এবং সরকারি নীতিগুলোকে কাজে লাগিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের ব্যবসাকে ‘লোকাল থেকে গ্লোবাল’ স্তরে নিয়ে যেতে পারেন। বোলপুরের কাঁথা স্টিচ, মাটির শিল্প, কাঠের কাজ থেকে শুরু করে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়া যায় এ দিনের আয়োজনের এটাই ছিল মূল লক্ষ্য।
ডিজিটাল বিপণনের আধুনিক কৌশল, রপ্তানি সহজীকরণের দিক নির্দেশনা, রপ্তানির জন্য প্রয়োজনীয় লাইসেন্সিং নীতি ও আইনি নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত ধারণা দেন বিভিন্ন আধিকারিকরা। রপ্তানি ক্ষেত্রে অর্থপ্রদানের ঝুঁকি কমাতে এর বিভিন্ন স্কিম ও বিমা সংক্রান্ত সুবিধার কথা তুলে ধরা হয়।উপস্থিত সকল অতিথি, বিশেষজ্ঞ এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে এবং এলাকার শিল্প সংস্কৃতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারের মধ্য দিয়ে এদিনের কর্মশালার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *