শম্ভুনাথ সেনঃ
বীরভূমের খয়রাশোল ব্লকের পাঁচড়া হাইস্কুল প্রাঙ্গনে ৩০ আগস্ট অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ড্রয়িং প্রশিক্ষণ কর্মশালা। পাথরকুচির ‘বিলম্বনা ড্রয়িং স্কুল’-এর আয়োজনে তিন মাসের দীর্ঘ প্রস্তুতির পর শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে রং-তুলি নিয়ে মেতে ওঠে।
প্রথাগত কাগজের খাতা ছেড়ে শিক্ষার্থীরা ছাতার উপর ফেব্রিক কালারে ফুটিয়ে তোলে নিজেদের কল্পনা। তাদের এই অসাধারণ শিল্প নৈপুণ্য মুগ্ধ করে উপস্থিত সবাইকে। অঙ্কনের পাশাপাশি মূল মঞ্চে চলে কথা কবিতা এবং গানের আসর। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বোলপুর শান্তিনিকেতনের বিশিষ্ট শিল্পী প্রভাত বাগ্দী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর এলাকার প্রখ্যাত চিকিৎসক ডাঃ বিশ্বজিৎ দে এবং বিশেষ অতিথি ছিলেন প্রথিতযশা নাট্য শিল্পী জুলফিকার জিন্না। উপস্থিত ছিলেন শিল্পী মৃন্ময় দত্ত, অংকন রায়, অরূপ রায়, কৌশিক চট্টোপাধ্যায়,প্রভাত মেহতরী প্রমুখ। বিলম্বনা ড্রয়িং স্কুলের কর্ণধার লালন কবিরাজ জানান, এলাকার প্রায় ৮০ জন উদীয়মান শিল্পী এই অভিনব কর্মশালায় উৎসাহের সাথে অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও শংসাপত্র। এমন কর্মশালা দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

