রহস্যজনক মৃত্যু: বীরভূমের রামপুরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির দেহ উদ্ধার

শম্ভুনাথ সেনঃ

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের (৩২) রহস্যজনক মৃত্যু ঘিরে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূমের রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে নিজের বাপের বাড়ির দোতলার ঘর থেকে আজ ১ সেপ্টেম্বর তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। তিনি শিক্ষকতা করতেন কিন্তু সিবিআই তদন্ত ও উচ্চ আদালতের নির্দেশে তার নাম বাতিল হয়। দুর্নীতির অভিযোগ ওঠায় চাকরিতে যোগ দেওয়ার কিছুদিন পরেই তিনি ইস্তফাও দেন।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে স্বামীর সাথে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। পরিবার সূত্রে খবর চার বছর ধরে বৃষ্টি মানসিক অবসাদের ভুগছিলেন। ১২ বছরের একটি সন্তান রয়েছে বলে জানিয়েছেন মৃতার মা পম্পা মুখোপাধ্যায়। রাজনৈতিক চাপ নাকি পারিবারিক বিবাদ—কোন পরিস্থিতির শিকার হয়ে তিনি এই চরম পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *