শম্ভুনাথ সেনঃ
খাবারের গুণগত মান নিশ্চিত করতে ও ভুয়ো কারবার রুখতে বীরভূমের দুবরাজপুরে আচমকা অভিযান চালালো জেলা খাদ্য সুরক্ষা দপ্তর। শনিবার হঠাৎ করেই শহরের একাধিক নামী-দামী মিষ্টির দোকান, হোটেল এবং রেস্তোরাঁয় হানা দেন আধিকারিকেরা।

এদিন মূলত দুবরাজপুর পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকা এবং বাইপাস সংলগ্ন বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁয় এই বিশেষ পরিদর্শন চালানো হয়। অভিযানের সময় আধিকারিকেরা সরাসরি দোকানের রান্নাঘরে ঢুকে খাবারের মান পরীক্ষা করেন। পাশাপাশি, ব্যবহৃত মশলা ও তেল স্বাস্থ্যসম্মত কি না, তা খতিয়ে দেখা হয়। যাচাই করা হয় প্রতিটি প্রতিষ্ঠানের বৈধ ফুড লাইসেন্স ও অন্যান্য নথিপত্র। উৎসবের মরসুমের আগে ও সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে দপ্তরের এই কঠোর পদক্ষেপ বলে জানা গিয়েছে। হঠাৎ করে খাদ্য সুরক্ষা দপ্তরের এই ঝটিকা অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অনেক অসাধু ব্যবসায়ীর মধ্যে আতঙ্ক তৈরি হলেও, সাধারণ মানুষ ও সচেতন নাগরিকেরা দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

