কৌশিকী অমাবস্যায় বীরভূমের তন্ত্রক্ষেত্র তারাপীঠে ভক্তের ঢল: ভক্তি ও আলোর মহোৎসবে মুখরিত বামাক্ষ্যাপার সিদ্ধপীঠ

শম্ভুনাথ সেনঃ

পবিত্র কৌশিকী অমাবস্যা তিথিতে বীরভূমের বিখ্যাত সিদ্ধপীঠ, তন্ত্রক্ষেত্র তারাপীঠে অগণিত ভক্ত-পুণ্যার্থীর সমাগমে জনসমুদ্র। রাজ্য ও দেশের দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার পুণ্যার্থীর সমাগমে পবিত্র তন্ত্রক্ষেত্র প্রাঙ্গণ এখন ভক্তির আবেগে থৈ থৈ করছে। গতকাল বিকেলে বর্ণাঢ্য শুভ সূচনার পর থেকেই মন্দির চত্বরে শুরু হয় বিশেষ পুজো-পার্বণ ও ভোগ দর্শনের মহোৎসব।
ভোর থেকেই মা তারার অলৌকিক রূপ ও অপরূপ সাজসজ্জা দর্শনে মুখরিত হয়ে উঠেছে পুরো চত্বর। চন্দননগরের বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠেছে পুরো এলাকা। বিশেষ আকর্ষণ হিসেবে রামপুরহাট স্টেশন থেকে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়, যা উৎসবের রূপকে আরও মহিমাময় করে তোলে।
পুণ্যার্থীদের সুষ্ঠু ও নির্বিঘ্ন দর্শন নিশ্চিত করতে বীরভূম জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি নজরদারি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রদেয় নির্দেশনা কঠোরভাবে মানা হচ্ছে। বিশ্বাস ও ভক্তির মেলবন্ধনে কৌশিকী অমাবস্যার এই মহা তিথিতে তারাপীঠ আজ এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক মেলবন্ধনের সাক্ষী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *