শম্ভুনাথ সেনঃ
একটানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত বীরভূমের নানুরের জনজীবন। এরই মধ্যে বড়া সাওতা অঞ্চলের মোহনপুর গ্রামের আদিবাসী পাড়ায় ভেঙে পড়ল দুটি কাঁচা বাড়ি। বাড়ি হারিয়ে কার্যত আশ্রয়হীন হয়ে পড়েছেন সরলা সরেন ও তাঁর পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর বুধবার রাত প্রায় ৯টা নাগাদ আচমকাই বাড়ি দুটির একাংশ ভেঙে পড়তে শুরু করে। পরিস্থিতি বুঝে সরলা সরেন ও তাঁর ছোট ছেলে কোনো রকমে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই হুড়মুড় করে সম্পূর্ণ ভেঙে পড়ে বাড়ি দুটি।
পরিবারের দাবি, ঘটনার সময় বড় ছেলে রমেশ সরেন, পুত্রবধূ মালতি সরেন এবং তাঁদের দুই সন্তান বাড়িতে না থাকায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে চাল, ডাল, খাদ্যসামগ্রী, আসবাবপত্র-সহ প্রয়োজনীয় জিনিসপত্র।
আবাস যোজনার বাড়ি নিয়েও পরিবারের অভিযোগ, এক তৃণমূল নেতাকে কাটমানি দেওয়ার পরও তাঁরা মাত্র ৬০ হাজার টাকা পেয়েছেন; বাকি টাকা মেলেনি। যদিও এই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ইতিমধ্যেই স্থানীয় বিজেপির পক্ষ থেকে পরিবারটিকে একটি ত্রিপল দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে দ্রুত থাকার ব্যবস্থা ও সরকারি সহায়তার আবেদন জানিয়েছে অসহায় পরিবারটি।
