ভোটার তালিকা নিয়ে বীরভূম জেলা প্রশাসনকে এপিসিআর-এর স্মারকলিপি

শম্ভুনাথ সেনঃ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ পড়া এবং আপিলের সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আজ ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বীরভূম জেলা প্রশাসন দপ্তর সিউড়িতে জেলা সমাহর্তার কাছে স্মারকলিপি দিল “নাগরিক অধিকার সুরক্ষা সমিতি বা এপিসিআর-এর বীরভূম জেলা কমিটি। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আজিজুর রহমান, সুলতান আহমেদ, রিপন মাল প্রমুখ। প্রথমে জেলা সমাহর্তার সঙ্গে আলোচনায় বসেন সংগঠনের সদস্যরা। পরে অতিরিক্ত জেলাশাসকের কাছে তাদের স্মারকলিপি প্রদান করা হয় বলে আহ্বায়ক আজিজুর রহমান জানান।সংগঠনের দাবি, ভুল তথ্য, নামের বানান, নথির অসঙ্গতি, তথ্যের যোগসূত্রের সমস্যা কিংবা প্রশাসনিক জটিলতার কারণে কোনও যোগ্য ভোটার যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।
স্মারকলিপিতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণ ও বর্তমান অবস্থা জানানো, আপিলের প্রক্রিয়া সহজ করা এবং বিচারাধীন আবেদন দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে। প্রবীণ, প্রতিবন্ধী ও অসহায় ভোটারদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে দূরবর্তী শুনানি ও স্থানীয় সহায়তা কেন্দ্র চালুর দাবিও জানিয়েছে সংগঠনটি।
এপিসিআর-এর বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব বাতিল হওয়া বা কাউকে বিদেশি ঘোষণা করা নয়। তাই ভাষা, নামের বানান বা নথির অসঙ্গতির কারণে কাউকে হয়রানি না করে আইন ও যথাযথ প্রক্রিয়া মেনে চলার দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *