অবৈধ পাথর পাচার রুখতে বীরভূমের মুরারই পুলিশের কড়া পদক্ষেপ: গভীর রাতে ট্রাক আটক, গ্রেপ্তার-১

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই এলাকায় অবৈধ পাথর পরিবহনের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ গ্রহণ করল মুরারই থানার পুলিশ। ২৭ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৩টে নাগাদ কাহারপাড়া সংলগ্ন এলাকায় পুলিশের তরফ থেকে একটি বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজগ্রামের দিক থেকে মুরারইয়ের অভিমুখে আসা একটি ৬-চাকার ট্রাককে আটক করে তল্লাশি চালান কর্তব্যরত আধিকারিকরা। ট্রাকটিতে বিপুল পরিমাণ পাথরের চিপস বোঝাই করা ছিল। চালককে জিজ্ঞাসাবাদ করা হলে এবং বৈধ নথিপত্র বা চালান দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। কোনও বৈধ কাগজপত্র না থাকায় তৎক্ষণাৎ ট্রাকটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি, এই বেআইনি কারবারের অভিযোগে ইরফান রহমান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি মুরারই থানার অন্তর্গত আমভুয়া গ্রামে, পিতার নাম হাবিবুর রহমান। বীরভূম জেলা পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজই ধৃতকে বীরভূমের সিউড়ি আদালতে পেশ করা হয়েছে।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *