ক্ষমতা হারাতেই কি কমছে দাপট? বীরভূমের সিউড়িতে নিজ কার্যালয়েই হেনস্থার মুখে অনুব্রত মণ্ডল

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের রাজনৈতিক আঙিনায় এ এক নজিরবিহীন ও বিস্ময়কর দৃশ্য। একসময় যার একটি হুঙ্কারে কেঁপে উঠত গোটা জেলা, সেই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টই নিজ গড়ে কোণঠাসা। বীরভূমের সদর শহর সিউড়ির তৃণমূল পার্টি অফিসে ঢুকে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে চরম হেনস্থা এবং কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে।


আজ ৩০ সেপ্টেম্বর সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে সেই তাণ্ডবলীলার রুদ্ধশ্বাস ছবি। যে পার্টি অফিস থেকে একসময় জেলার রাজনীতি পরিচালিত হতো, সেখানেই চরম অস্বস্তিকর মুহূর্তে পড়তে হলো অনুব্রতকে। ক্ষমতা হাতছাড়া হতেই বীরভূমের দাপুটে নেতার এমন অসহায় রূপ আগে কখনো দেখেনি রাজনৈতিক মহল।
ঘটনার পর হতচকিত রাজনৈতিক জীবন থেকে আত্মরক্ষার সুর ফুটে ওঠে তাঁর গলায়। উপস্থিত সাংবাদিকরা এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দেননি। ক্ষোভ বা হুমকির বদলে সাংবাদিকদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, “আমাকে ভালোবাসিস? যদি ভালোবাসিস চলে যা।” একদা ‘বীরভূমের বাঘ’ হিসেবে পরিচিত কেষ্টর মুখে এই আবেদন জেলা রাজনীতিতে এক চরম পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *