বীরভূমের বোলপুরে বিজেপি বুথ সভাপতি হত্যায় গ্রেপ্তার ২: নেপথ্যে কি জমি বিবাদ, উঠছে প্রশ্ন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বোলপুরের ত্রিশূলাপট্টি এলাকায় বিজেপি বুথ সভাপতি চন্দন ভল্লাকে গুলি করে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম সেখ আনারুল এবং দীপঙ্কর রায়—উভয়েরই বাড়ি বোলপুরে। বীরভূমের জেলা পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ সাংবাদিকদের মুখোমুখি এ তথ্য জানিয়েছেন। প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের নেপথ্যে জমি সংক্রান্ত বিবাদের ইঙ্গিত পাওয়া গেছে। তবে আসল কারণ উন্মোচনে বিশদ তদন্ত চলছে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে আটটা নাগাদ বোলপুর ত্রিশুলাপট্টি রাইস মিলের কাছে চন্দনবাবুকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর সেদিন মাঝরাতেই নিহতের পুত্র সুবোধকান্তি ভল্লা বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তল্লাশি অভিযান এবং গ্রেপ্তার করা হয় এই দু’জনকে।


আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার অভিযুক্তদের বোলপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৩ অক্টোবর ধৃতদের পুনরায় আদালতে তোলা হবে। সরকারি আইনজীবী জানিয়েছেন, তদন্ত বর্তমানে সঠিক পথেই এগোচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *