জনসেবায় নতুন মাইলফলক: বীরভূমে ‘সেবা সেতু অভিযান’ ঘিরে উৎসবের আমেজ

শম্ভুনাথ সেনঃ

রাজ্যে নতুন সরকার গঠনের পর বীরভূম জেলা জুড়ে শুরু হয়েছে ‘সেবা সেতু অভিযান’। ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলা এই বিশেষ কর্মসূচির মূল উদ্দেশ্য— সরকারি সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। প্রতিটি ব্লক ও পৌরসভা এলাকায় গড়ে তোলা হয়েছে ২৫টি করে সুসজ্জিত স্টল।
অন্নপূর্ণা যোজনা, কৃষক বন্ধু এবং পিএম কিষানের মতো ২৫টি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইলামবাজার ব্লকের কিষাণ মান্ডি ও জয়দেব কেন্দুলির বাউল মঞ্চের ক্যাম্পে সকাল থেকেই মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র সংগ্রহ ও ফর্ম জমা দেওয়ার উৎসাহ ছিল তুঙ্গে।
পরিষেবা সুনিশ্চিত করতে ও নিরাপত্তা বজায় রাখতে তৎপর রয়েছে জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির প্রশাসন। ইলামবাজারের বিডিও নিজে উপস্থিত থেকে সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। কোনো বিশৃঙ্খলা ছাড়াই সুশৃঙ্খলভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। একই ছাদের নিচে এতগুলি সরকারি পরিষেবা একযোগে পেয়ে বেজায় খুশি স্থানীয় সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *