সেখ রিয়াজুদ্দিনঃ
‘বিকশিত ভারত সংকল্প সভা’ ও ‘সেবা জ্যোতি যাত্রা’কে কেন্দ্র করে বুধবার সিউড়িতে পদযাত্রার আয়োজন করল বিজেপি। এদিন সিউড়ির ইরিগেশন কলোনি মাঠে অনুষ্ঠিত হয় সভা। সেখান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বক্তব্য শোনার ব্যবস্থা করা হয়। এরপর সুসজ্জিত ট্যাবলো সহযোগে শুরু হয় ‘সেবা জ্যোতি যাত্রা’। শোভাযাত্রাটি জেলা শাসকের অফিস সংলগ্ন গান্ধী মূর্তির সামনে জমায়েত হয়ে মাল্যদান, পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি সেবা জ্যোতির মশাল নির্দিষ্ট স্থানে রেখে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুশাসন ও ‘সেবা কাল’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে গত ১৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সেই কর্মসূচিরই অংশ হিসেবে সিউড়িতে এই পদযাত্রার আয়োজন। ‘সেবা, সংকল্প ও জনসম্পৃক্ততা’র বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। ইরিগেশন কলোনি মাঠে দলীয় কর্মী-সমর্থকদের জমায়েতের পর জেলা নেতৃত্বের উপস্থিতিতে পদযাত্রা শুরু হয়। সুসজ্জিত ট্যাবলো নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন দলীয় নেতা-কর্মীরা। পথে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের মাধ্যমে দলের বিভিন্ন কর্মসূচি ও বার্তা তুলে ধরা হয়।
কর্মসূচিতে বিজেপির বীরভূম জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়-সহ তিন বিধানসভার বিধায়ক, জেলা ও স্থানীয় নেতৃত্ব এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বিজেপি নেতৃত্বের দাবি, মানুষের পাশে থেকে সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও জোরদার করার লক্ষ্যেই এই কর্মসূচি। ‘সেবা জ্যোতি যাত্রা’কে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

