সেখ রিয়াজুদ্দিনঃ
দুবরাজপুর ব্লকের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জনস্বার্থের একাধিক দাবি নিয়ে দুবরাজপুরের ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) কাছে শুক্রবার স্মারকলিপি জমা দিল ভারতীয় জাতীয় কংগ্রেসের দুবরাজপুর ব্লক কমিটি। কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুরকে মহকুমার মর্যাদা দেওয়া, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে অপসারণের দাবি এবং এসআইআর-এর কারণে বাদ পড়া ভোটারদের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।
এছাড়াও দুবরাজপুর গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা, দুবরাজপুরে মহিলা মহাবিদ্যালয় গড়ে তোলা এবং প্রকৃত প্রাপক মহিলাদের ভাতার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা এবং ধান কেনার ক্ষেত্রে দালালচক্র বন্ধ করার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। স্থানীয় পরিকাঠামো উন্নয়নের দাবির মধ্যে রয়েছে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের যাত্রা খতেজা খাতুন হাইস্কুলের খেলার মাঠ ফিরিয়ে দেওয়া, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দুবরাজপুর ব্লকের বিভিন্ন গ্রাম ও পৌরসভা এলাকায় বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের কাজ বাস্তবায়ন এবং ব্লকের বিভিন্ন রাস্তা পুনর্নির্মাণ।
পাশাপাশি খাগড়া-জয়দেব কয়লাখনি এলাকার বাসিন্দাদের ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে প্রকল্প চালু করা, লোবা ও পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধ যান চলাচল বন্ধ করা, নিরাময় যক্ষ্মা হাসপাতালের পরিবর্তে উন্নতমানের হাসপাতাল গড়ে তোলা এবং লোবা গ্রাম পঞ্চায়েতের অজয় নদের তীরে পশ্চিম বর্ধমানের সঙ্গে সংযোগকারী বাবুপুর ঘাটে সেতু নির্মাণের দাবিও জানানো হয়েছে। এছাড়া যশপুর জুনিয়র গার্লস হাইস্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের দাবিও স্মারকলিপিতে স্থান পেয়েছে। কংগ্রেসের দুবরাজপুর ব্লক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উল্লিখিত দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। এবার প্রশাসন এই দাবিগুলির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট এলাকার মানুষ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক কংগ্রেসের সভাপতি সেখ আলিম,সেখ জিয়াদুল্লা,শ্যামল বাউরি, মৃত্যুঞ্জয় পাল প্রমুখ নেতৃবৃন্দ।
