বীরভূমের রাজগ্রামে যৌথ অভিযান: বিপুল বিস্ফোরক সহ আটক দুই, নেপথ্যে পুলিশ ও STF-এর বড় সাফল্য

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই থানা ও পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) যৌথ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক। গতকাল ভোরে ০৫.১১.২০২৬ তারিখ আনুমানিক রাত তিনটে নাগাদ মুরারই থানার রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়ুয়া গোপালপুর এলাকার একটি স্টোররুমে গোপন সূত্রে খবর পেয়ে এই অতর্কিত হানা দেয় যৌথ বাহিনী।
অভিযান চলাকালীন স্থানটি থেকে ১,০৬৪টি ডিটোনেটর, ১,১০০টি জেলাটিন স্টিক এবং প্রতিটি ৩৭৫ মিটার দৈর্ঘ্যের মোট ৩২টি কেবল রোল বাজেয়াপ্ত করা হয়েছে। এই অবৈধ বিস্ফোরক মজুত রাখার অপরাধে ‘ইন্ডিয়ান কমার্শিয়াল এক্সপ্লোসিভস’-এর ম্যানেজার, সিউড়ির তিলপাড়ার বাসিন্দা মুকেশ সিং (৪৯) এবং মালিক, বড়ুয়া গোপালপুরের বাসিন্দা মোঃ রেজা শেখ ওরফে গুধাকে (৫৬) পুলিশ আটক করেছে।
ঘটনায় অবৈধ বিস্ফোরক মজুতদারির বিরুদ্ধে STF দলের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রাজ্যজুড়ে বেআইনি বিস্ফোরক কারবার ও দুষ্কৃতী কার্যকলাপ প্রতিরোধে পুলিশ ও STF-এর এই সাফল্য এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রশংসনীয় পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *