বারাবন মিলন সংঘের ফুটবল প্রতিযোগিতার ৩৫তম বর্ষ, ফাইনালে ৪-০ গোলে জয়ী ভালুকতোড় আল আমিন সংঘ

সেখ রিয়াজুদ্দিনঃ

খয়রাশোল ব্লকের বারাবন মিলন সংঘের পরিচালনায় তিন দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার ৩৫তম বর্ষ অনুষ্ঠিত হলো। গত ৩ নভেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হয় ৫ নভেম্বর। বীরভূম, পশ্চিম বর্ধমান ও ঝাড়খণ্ডের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনালে লোকপুর থানার ভালুকতোড় আল আমিন সংঘ ৪-০ গোলে থমতাড়া খান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে নগদ ১ লক্ষ ১ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দলকে ৭৬ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়।

পাশাপাশি বিভিন্ন বিভাগে কৃতী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে বারাবন গ্রামে বসে গ্রামীণ মেলা। দর্শকদের ভিড়ে উৎসবের চেহারা নেয় গোটা এলাকা। ক্লাব সদস্য মান্নান হোসেন খান জানান, গ্রামের খেলাধুলার প্রসারে মরহুম মহম্মদ হোসেন খানের দান করা জমিতে মাঠ তৈরি হয়।

বর্তমানে দর্শকদের বসার উপযুক্ত ব্যবস্থা না থাকায় গ্রামবাসীদের সহযোগিতায় গ্যালারি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যুবসমাজকে মোবাইলের আসক্তি কমিয়ে মাঠমুখী হওয়া এবং খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। দীর্ঘ ৩৫ বছর ধরে এই প্রতিযোগিতা এলাকার সম্প্রীতি ও গ্রামীণ ঐতিহ্যের অন্যতম উৎসবে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *