আফিম, পোস্ত ও গাঁজা চাষ সম্পূর্ণ নিষিদ্ধের সতর্কবার্তা খয়রাশোল থানার, মাদক চাষের খবর দিতে পুলিশের পোস্টারিং

সেখ রিয়াজুদ্দিনঃ

মাদকমুক্ত সমাজ গড়তে এবং অবৈধ মাদক চাষ বন্ধ করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশের খয়রাশোল থানা। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আফিম, পোস্ত ও গাঁজা চাষ সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। খয়রাসোল থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সরকারি অফিস সহ জনবহুল এলাকায় পোস্টারিং করা হয় পোস্ত, গাঁজা তথা মাদক জাতীয় চাষ না করার ব্যাপারে। উল্লেখ করা হয়েছে যে আফিম, পোস্ত কিংবা গাঁজা চাষের মতো অপরাধে জড়িত থাকলে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবকারী পদার্থ আইন (NDPS Act, 1985) অনুযায়ী কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

পাশাপাশি জমির মালিকদেরও সতর্ক করা হয়েছে। তাঁদের জমিতে কোথাও অবৈধভাবে আফিম, পোস্ত কিংবা গাঁজার চাষ হলে অবিলম্বে পুলিশ বা আবগারি দপ্তরকে জানানোর আবেদন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মাদক সংক্রান্ত কোনও তথ্য থাকলে সাধারণ মানুষ নির্ভয়ে প্রশাসনকে জানাতে পারেন। অভিযোগ জানানোর জন্য ১৯৩৩ টোল ফ্রি নম্বর এবং NCB-র নির্দিষ্ট ই-মেল ও ওয়েবসাইটের উল্লেখও রয়েছে। তাছাড়া স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের ও নাম এবং ফোন নম্বর দেওয়া হয়েছে। খয়রাশোল থানা ও বীরভূম জেলা পুলিশের এই উদ্যোগের মূল লক্ষ্য, মাদক চাষ ও মাদক কারবারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করা এবং যুবসমাজকে নেশার কুফল থেকে দূরে রেখে সুস্থ সমাজ গড়ে তোলা। এদিন পোস্টারিং করতে সরজমিনে নামেন খয়রাসোল থানার এসআই অমূল্য মন্ডল ও আসিফ রাইহান বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *