সেখ রিয়াজুদ্দিনঃ
দীর্ঘ দেড়শো বছরের প্রাচীন প্রথায় ছেদ টেনে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের কালিপুর গ্রামের কালীপুজো কমিটির সদস্যরা। এ বছর থেকে কালিপুরের কালীমন্দিরে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হল বলিদান প্রথা। কালীপুজোর দিন মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়েই এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পুজো কমিটির সদস্যরা। পুজো কমিটির অন্যতম সদস্য বাসুদেব ধীবর জানান, এই পুজো কোনও সার্বজনীন বা বারোয়ারি পুজো নয়। কালিপুরের ৫২ জন সদস্যের উদ্যোগে পরিচালিত এটি একটি পারিবারিক পুজো। প্রতি বছর কালীপুজো উপলক্ষে পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে উৎসবে শামিল হন। কথিত রয়েছে, এই কালীমায়ের নাম অনুসারেই এলাকার নাম হয়েছে কালিপুর। প্রায় দেড়শো বছর আগে এই মন্দিরে পুজোর সূচনা হয়। তারপর থেকে প্রতিবছরই অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পুজো হয়ে আসছে।
এদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন দেবাংশু সিং, অনাথচন্দ্র ধীবর, ভীম ধীবর, বাসুদেব ধীবর-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন পুরোহিতও। তাঁদের কথায়, এই পুজোয় জাতি-ধর্ম নির্বিশেষে বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন। তবে এবারের কালীপুজোর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল দীর্ঘদিনের বলিদান প্রথা বন্ধের সিদ্ধান্ত। বাসুদেব ধীবর জানান, “আমরা এ বছর থেকে এই মন্দিরে বলিদান বন্ধ করেছি। আমাদের উপলব্ধি, বলিদান বিধিসম্মত নয়। এতদিন যে প্রথা চলে আসছিল, তা নিয়ে আমাদের নতুন করে ভাবনাচিন্তা হয়েছে। মা কখনও নিজের সন্তানকে বধ করতে চান না। সেই ভাবনা থেকেই পরিবারের সকলের সম্মতিতে বলিদান প্রথা সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
দীর্ঘ দেড়শো বছরের প্রাচীন ধর্মীয় রীতিতে পরিবর্তন এনে নেওয়া এই সিদ্ধান্তকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে বিশেষ আলোচনা। ভক্তদের মতে, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানবিক মূল্যবোধের বার্তাও বহন করছে এই উদ্যোগ। পুজো কমিটির সদস্যরাও জানিয়েছেন, সকলের সম্মতিতে নেওয়া এই সিদ্ধান্ত আগামী বছরগুলিতেও বহাল থাকবে। ফলে ঐতিহ্য বজায় রেখেই নতুন ভাবনায় এগিয়ে চলবে কালিপুরের দেড়শো বছরের প্রাচীন কালীপুজো।
