হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের সিদ্ধান্ত, ১৮ নভেম্বর ত্রিপাক্ষিক বৈঠক

বীরভূমের খয়রাশোল ব্লকের হজরতপুর রেলওয়ে সাইডিংয়ে কর্মরত ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের বিষয়টি নিয়ে তৎপর হল শ্রম দপ্তর। আগামী ১৮ নভেম্বর বোলপুরের পারুলডাঙার শ্রমিক ভবনে সংশ্লিষ্ট সংস্থা, শ্রমিক সংগঠন ও কর্তৃপক্ষকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছেন উপ-শ্রম কমিশনার।

গত ১৩ নভেম্বর জারি করা চিঠিতে সংস্থার প্রতিনিধিকে প্রয়োজনীয় নথিপত্রসহ বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও লিখিত বক্তব্য জমা দিতে বলা হয়েছে।

এদিকে শনিবার হজরতপুর রেল সাইডিংয়ে কর্মরত নিরাপত্তারক্ষীরা এক আলোচনায় মিলিত হয়ে আগামী বৈঠকের রূপরেখা তৈরি করেন। নিরাপত্তারক্ষীদের প্রতিনিধি দেবজিৎ রায় কর্মসংস্থানের নিরাপত্তার বিষয়টি তুলে বিস্তারিত বিবরণ দেন এক সাক্ষাৎকারে । অন্যদিকে দীর্ঘ ছয় বছর ধরে কর্মরত বিধবা নিরাপত্তারক্ষী প্রতিমা রুই দাস কাজ হারানোর আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করে জানান, কাজ চলে গেলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। তাই ২৪২ জনের কারও যেন কর্মসংস্থান না হারায়, সেই আবেদন জানান তিনি।

উল্লেখ্য, ২৪২ জন নিরাপত্তারক্ষীর ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে ১৮ নভেম্বরের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শ্রম দপ্তরের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছেন কর্মরত নিরাপত্তারক্ষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *