গোপা অষ্টমী উপলক্ষে বীরভূমের দুবরাজপুর গোশালায় ভক্তদের ভিড়

শম্ভুনাথ সেনঃ

গোষ্ঠ উৎসব বা গোপাষ্টমী হলো সনাতন ধর্মাবলম্বীদের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় উৎসব। সাধারণত কার্তিক মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয়। হিন্দু পুরাণ অনুযায়ী, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম প্রথমবার গাভী চরানোর উদ্দেশ্যে বনে গিয়েছিলেন। সেই স্মৃতিকে কেন্দ্র করেই এই উৎসব উদযাপিত হয় আজও।
বীরভূমের দুবরাজপুর জাতীয় সড়কের গায়ে গোশালায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় প্রতিবছর এই গোষ্ঠ উৎসব পালিত হয় সাড়ম্বরে। ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম প্রথমবার গাভী চরানোর উদ্দেশ্যে বনে গিয়েছিলেন সেই গোষ্ঠলীলার স্মৃতিকে কেন্দ্র করেই ভক্তদের সমাগম ঘটে এখানে।
শতাধিক বছর পূর্বে এই গোশালায় গৃহপালিত গরু লালন-পালন করা হতো। বর্তমানে এখানে গরু না থাকলেও, সেই পুরনো নিয়ম মেনে আজ ১৭ নভেম্বর পুরোনো রীতি অনুযায়ী পালিত হয় গোমাতা পূজন উৎসব। সেই সঙ্গে এখানকার স্থায়ী রাজরাজেশ্বরী মায়ের পূজা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হয়। চলে হোম যজ্ঞ পূজা পাঠ। আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানিয়েছেন, সকাল থেকেই হোম-যজ্ঞ এবং দুপুরে প্রায় পাঁচ হাজার ভক্তের জন্য খিচুড়ি প্রসাদ সেবার আয়োজন করা হয়েছে। দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের প্রাণপুরুষ স্বামী ভূপানন্দ মহারাজের আমল থেকে এখানে নানা উৎসব পরিচালিত হয়। বর্তমানে এই আশ্রমে এখন একটি ইংরেজি মাধ্যম স্কুল ও ছাত্রাবাস গড়ে উঠেছে।
এদিন সকাল থেকে আশ্রমের অনুরাগী ও ভক্তদের মধ্যে আনন্দ উদ্দীপনা দেখা যায়। সন্ধ্যায় দুবরাজপুর মহাপ্রভু মন্দির থেকে মহাপ্রভুকে চৌদলে করে গোশালায় নিয়ে আসা হয়। এরপর বিশেষ পূজা-পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের সমাপ্তি ঘটে। তবে বীরভূমের বুকে খয়রাশোলে ঐতিহ্যবাহী গোষ্ঠ উৎসব উপলক্ষে বসে তিন দিনের গ্রামীণ মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *