সেখ রিয়াজউদ্দিনঃ
বীরভূমের রামপুরহাট মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র তারাপীঠে নির্মীয়মাণ ফায়ার স্টেশনের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার PWD ও PHE গভর্নিং বডির চেয়ারম্যান তথা দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অনুপ কুমার সাহা। শুক্রবার নির্মাণস্থলে উপস্থিত হয়ে তিনি ফায়ার স্টেশনের চলমান কাজের অগ্রগতি এবং পরিকাঠামোগত বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
এদিনের পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক শ্রী কৃষ্ণকান্ত সাহা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকবৃন্দ। পরিদর্শনকালে নির্মাণকাজের বর্তমান পরিস্থিতি, কাজের অগ্রগতি ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেওয়া হয়।
উল্লেখ্য, তারাপীঠ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র। সারা বছরই এখানে অসংখ্য পুণ্যার্থী ও পর্যটকের সমাগম ঘটে। ফলে অগ্নিকাণ্ড কিংবা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে নির্মীয়মাণ ফায়ার স্টেশনটি চালু হলে তারাপীঠের পাশাপাশি রামপুরহাট মহকুমার পার্শ্ববর্তী এলাকার অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত মোকাবিলার ক্ষেত্রে এই ফায়ার স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তাই দ্রুত ও সুষ্ঠুভাবে নির্মাণকাজ সম্পন্ন করে ফায়ার স্টেশনটি চালুর দিকে তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ।
