সেখ রিয়াজুদ্দিনঃ
প্রায় দু বছর বন্ধ থাকার পর ফের বিদ্যালয় স্তরে শুরু হয়েছে যুব সংসদ প্রতিযোগিতা। ব্লক ও পুরসভা স্তরের পর্ব শেষে বিজয়ী স্কুল গুলিকে নিয়ে মঙ্গলবার ১৫ ই সেপ্টেম্বর থেকে সিউড়ির বেণীমাধব ইনস্টিটিউশনে শুরু হয় দুদিনের জেলা স্তরের প্রতিযোগিতা। জেলার ২৫ টি স্কুলের ৬৫০ জন পড়ুয়া চারটি বিভাগে অংশগ্রহণ করে। জানা যায় গত ২৫ থেকে ৩১ শে আগস্ট পর্যন্ত ব্লক স্তরে যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ব্লক ও পুরসভা স্তরের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী স্কুলগুলিকে নিয়ে জেলা পর্যায়ের আয়োজন করা হয়। জেলা স্তরের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী দুধকুমার মন্ডল, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বুলবুল বাগচী সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে পড়ুয়াদের সাবলীল বিকাশে যুব সংসদ প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন অতিথিরা।
আয়োজকদের পক্ষে সিদ্ধার্থ মণ্ডল ও ভাস্কর মণ্ডল জানান, গত আগস্ট মাসে ব্লক ও পুরসভা স্তরে প্রতিযোগিতা শুরু হয়েছিল। সেই পর্বে বিজয়ী স্কুলগুলিকে নিয়ে জেলা স্তরের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইয়ুথ পার্লামেন্ট, ক্যুইজ, তাৎক্ষণিক বক্তব্য এবং এস এ রাইটিং—এই চারটি বিভাগে মোট প্রায় ৬৫০ জন পড়ুয়া অংশগ্রহণ করছে। জেলা পর্যায়ে সফল স্থানাধিকারীরা পরবর্তীতে ডিভিশন পর্যায়ে এবং সেখানে উত্তীর্ণ হলে রাজ্য পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
অন্যদিকে, লাভপুর ব্লকের কুরুম্বা মুকুন্দ লাল উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণকারী পড়ুয়াদের দায়িত্বে থাকা শিক্ষক উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, দেশজুড়ে যুব সংসদ প্রতিযোগিতা শুরু হয়েছে। সেই নিয়ম মেনেই বীরভূম জেলাতেও এই প্রতিযোগিতা চলছে। তাঁর কথায়, “এই ব্যবস্থাপনার সবচেয়ে ভালো বিষয় হল, আমাদের ছাত্রছাত্রীরা সংসদীয় রীতিনীতি জানবে ও শিখবে। আগামী দিনে এরাই নেতৃত্বে আসবে। সেক্ষেত্রে আমরা আরও ভালো অভিজ্ঞ নেতৃত্ব পাব বলে বিশ্বাস।”
দীর্ঘ বিরতির পর ফের যুব সংসদ প্রতিযোগিতা শুরু হওয়ায় পড়ুয়াদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। সংসদীয় রীতিনীতি ও গণতান্ত্রিক কার্যপ্রণালী সম্পর্কে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
