শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের ঘুড়িষা অঞ্চলের পশ্চিম নারায়ণপুর নেতাজি কলোনির পলাশ বাগানে মহাসমারোহে উদযাপিত হলো ৫০ বছরের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুজো। অজয় নদের উত্তর পাড়ে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ছোট্ট গ্রামটিতে নিষ্ঠা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয় মা লক্ষ্মীর আরাধনা।
এই উৎসবের মূল শক্তি হলো গ্রামবাসীদের সুদৃঢ় ঐক্য ও আন্তরিকতা। বাইরের কোনো আর্থিক সাহায্য ছাড়াই, গ্রামের প্রায় ৩২ থেকে ৩৫টি পরিবারের নিজস্ব অনুদান ও সম্মিলিত প্রচেষ্টায় অর্ধশতাব্দী ধরে অটুট রয়েছে এই পুজোর ধারা। আট থেকে আশি—সব বয়সের মানুষ পরম আনন্দে সামিল হন এই মহোৎসবে।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পুজোকে কেন্দ্র করে পুরো এলাকায় গড়ে ওঠে এক উৎসবমুখর পরিবেশ। প্রতি বছর সন্ধ্যায় পুচকা-কাঁচাদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এ বছরের বিশেষ আকর্ষণ ছিল পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য, যা দর্শনার্থীদের বিশেষভাবে আপ্লুত করেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাহিত এই লক্ষ্মীপুজো আজ আর কেবল ধর্মীয় আচার নয়, বরং গ্রামবাসীদের সম্প্রীতি ও একতাবদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত।
