সেখ রিয়াজুদ্দিনঃ
আদিবাসী সমাজ ও বিশ্ব আদিবাসী দিবস সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে ৩১ শে আগষ্ট সোমবার জেলার বিভিন্ন থানায় ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করা হয়। সেই মোতাবেক লোকপুর থানায় ও লিখিত আবেদন জানানো হয় সংগঠনের খয়রাসোল ব্লক কমিটির পক্ষ থেকে। সংগঠনের অভিযোগ, আদিবাসী দিবসকে কেন্দ্র করে রাজস্থানের বিজেপির সভাপতি তথা সাংসদ মনোজ রাঠোর এর একটি মন্তব্যে আদিবাসী সমাজের মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে।
সংগঠনের লিখিত আবেদনে বলা হয়েছে, প্রতি বছর ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। বিশ্বের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। অভিযোগ, এই দিনটিকে কেন্দ্র করে বিজেপি নেতার মন্তব্যকে ‘অপমানজনক’ বলে মনে করছে আদিবাসী সমাজ।
লিখিত অভিযোগে সংগঠনের পক্ষ থেকে আদিবাসী সমাজের ইতিহাস ও দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অবদানের কথাও তুলে ধরা হয়েছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসীদের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে, দেশের ইতিহাসে আদিবাসী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংগঠনের দাবি, আদিবাসী সমাজকে অসম্মান করে বা তাঁদের ভাবাবেগে আঘাত করে এমন মন্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট লোকপুর থানার পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে।
ভারত জাকাত মাঝি পরগণা মহলের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে বলে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বলেন সংগঠনের খয়রাশোল মুলুকের পরগনা বাবা রবিলাল হেমব্রম।
