শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে আজ ৩ সেপ্টেম্বর অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ৬৩তম “শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর চূড়ান্ত পর্বের খেলা। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ও পরিচালনায় গত ২০ আগস্ট থেকে ৮টি দলের অংশগ্রহণে শুরু হয়েছিল এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা।
এদিনের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ময়দানে উপস্থিত প্রায় ২০ হাজার ফুটবলপ্রেমীর সমাগম ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের সূচনায় সারদা বিদ্যাপীঠের ছাত্ররা ঠাকুর সত্যানন্দদেবের প্রতিকৃতি নিয়ে সুশৃঙ্খল মাঠ পরিক্রমা করে। এরপর স্বামী সত্যশিবানন্দ মহারাজের পবিত্র মঙ্গলাচরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটে। বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা, প্রাক্তন পুরপ্রধান পীযুষ পাণ্ডে, আইএফএ সদস্য শংকর রাউত, বিশিষ্ট সমাজসেবী শম্ভুনাথ ব্যানার্জি, সত্যপ্রকাশ তেওয়ারি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।
মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ইয়ং বেঙ্গল ক্লাব ও কলকাতার ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে ডালহৌসিকে ২-০ গোলে পরাজিত করে দুর্গাপুর ইয়ং বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের হাতে মর্যাদাপূর্ণ স্বামী ভুপানন্দ ট্রফি ও ১৫ হাজার টাকা এবং বিজিত দলের হাতে ব্রহ্মচারী নৃত্য চৈতন্য ট্রফি ও ১০ হাজার টাকার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। সমগ্র জেলায় ক্রীড়াচর্চার বিকাশে এই আয়োজন এক অনন্য ঐতিহ্য ও উজ্জ্বল অধ্যায় রচনা করল।

