সেখ রিয়াজুদ্দিনঃ
খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের তৎকালীন সভাপতি দীপক ঘোষ আততায়ীর হাতে খুন হন ২২ অক্টোবর। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার খয়রাশোলের অশোক ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত হয় অষ্টম স্মরণসভা। সেখানে স্মৃতিচারণ করতে গিয়ে উঠে আসে তাঁর রাজনৈতিক জীবনের নানা দিক এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা। পাশাপাশি, কংগ্রেস ত্যাগের প্রসঙ্গ টেনে মন্তব্য করা হয়, বিগত দিনে কংগ্রেস ত্যাগ না করলে অশোক ঘোষ, আনিসুর রহমান,দীপক ঘোষকে খুন হতে হতো না।
তিন শহীদের শুভানুধ্যায়ীদের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় শহীদ দীপক ঘোষের প্রতিকৃতিতে এবং শহীদ অশোক ঘোষ ও আনিসুর রহমানের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ব্যক্তিরা তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে শহীদদের জীবন, আদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার বার্তা সর্বদা দিয়ে গিয়েছেন শহীদ দীপক ঘোষ। তাঁর দাদা অশোক ঘোষও সবসময় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলতেন। তাঁদের সেই আদর্শ ও জনসেবার মানসিকতা আজও স্মরণ করেন শুভানুধ্যায়ীরা।
শহীদদের অনুপস্থিতিতে সমাজে যে শূন্যতা তৈরি হয়েছে, সেই প্রসঙ্গেও আক্ষেপ প্রকাশ করা হয়। অনুষ্ঠানের শেষে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তপন সাহা, শিক্ষক আব্দুর রহমান, সমাজসেবী শঙ্কর গড়াই, বিকাশ ঘোষ সহ শহীদ পরিবারের বহু শুভানুধ্যায়ী।
