বীরভূমের ইলামবাজারে গভীর রাতে বিজেপির পার্টি অফিসে অগ্নিকাণ্ড, নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বোলপুর বিধানসভার ইলামবাজার ব্লকের দক্ষিণ একডালা গ্রামে গভীর রাতে বিজেপির একটি পার্টি অফিসে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। বিশ্বকর্মা পুজোর রাতে, আনুমানিক রাত ১২টা নাগাদ একদল দুষ্কৃতী পার্টি অফিসটিতে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় বিজেপি কর্মী ও গ্রামবাসীদের অভিযোগ। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো পার্টি অফিস ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা নিয়ে তদন্ত শুরু করেছেন। স্থানীয় স্তরে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জোর জল্পনা তৈরি হলেও, পুলিশ বিষয়টি এখনো খতিয়ে দেখছে।
ঘটনায় এলাকায় চরম চাপা উত্তেজনা বজায় রয়েছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা না হলেও, শীঘ্রই প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব না এর মধ্যে রয়েছে অন্য কোন রহস্য,গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *