বীরভূমের সিউড়ি আদালতে তোলা হল ভুয়ো DCR চক্রের দুই অভিযুক্তকে

শম্ভুনাথ সেনঃ

পাথরের রাজস্ব আদায়ে জাল DCR বই ছাপিয়ে কোটি কোটি টাকা তছরুপের চাঞ্চল্যকর মামলায় গ্রেপ্তার হওয়া ভূমি দপ্তরের কর্মী বিশ্বজিৎ সাহা ও টুলু মণ্ডলের কর্মচারী কাউসার আলীকে বীরভূমের সিউড়ি ACJM আদালতে পেশ করা হলো। শুনানি শেষে বিচারক তাদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সরকারি আইনজীবী আদালতে সওয়াল করার সময় এই ঘটনাকে আব্দুল করিম তেলগির বিখ্যাত স্টাম্প পেপার কেলেঙ্কারির সাথে তুলনা করেন। তিনি জানান, ভূমি দপ্তরের DCR বই বিতরণের দায়িত্বে থাকা বিশ্বজিৎ সাহা প্রাক্তন আধিকারিকদের নির্দেশে মূল DCR বই তুলে দিতেন কাউসারের হাতে। এরপর সেই একই নম্বরের হুবহু নকল DCR বই ছাপিয়ে চলত বিপুল রাজস্ব চুরি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গত রাতে পুলিশ এই দুইজনকে গ্রেপ্তার করে। কাউসার মূলত টুলু মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্ট দেখাশোনা করত এবং তার কাছ থেকে একাধিক চেক বই উদ্ধার হয়েছে। তবে অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেছেন, মূল প্রভাবশালী ব্যক্তিদের আড়াল করতেই পুলিশ কেবল চুনোপুঁটিদের বলির পাঁঠা বানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *