শম্ভুনাথ সেনঃ
চার মাস আগেই বেঁধেছিলেন সুখের সংসার। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো না। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ দম্পতি, থমকে গেল দুটি পরিবার। গত ২০ আগস্ট সকালে শ্বশুরবাড়ি কীর্ণাহার থানার শ্বাসপুর গ্রাম থেকে মোটরসাইকেলে করে স্ত্রী তনিমাকে নিয়ে বাড়ি ফিরছিলেন নানুরের ডোংরা গ্রামের বাসিন্দা ঋজু ধারা (২৭)। নানুরের নতুনপাড়ায় উল্টো দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঋজুর।
অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় তনিমাকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতাল ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১২ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ২ সেপ্টেম্বর বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনিও। মাত্র চার মাসের মাথায় এমন তরতাজা দুই প্রাণের করুণ বিদায় মেনে নিতে পারছেন না কেউই। এই শোকাবহ ঘটনায় দুই পরিবারের পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
