১২৫ দিনের কর্মস্থলে ভাদু গানের আসর, নওপাড়ায় লোকসংস্কৃতির ঐতিহ্য উদযাপন

সেখ রিয়াজুদ্দিনঃ

ভাদ্র মাস উপলক্ষে বাংলার ঐতিহ্যবাহী ভাদু গান ও ভাদু উৎসবের আয়োজন হয়ে থাকে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে। সেই লোকসংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে এবার ১২৫ দিনের কাজের কর্মস্থলেই ভাদু গানের আসর বসলো। শনিবার খয়রাসোল ব্লকের নওপাড়া গ্রামে রাজ্য সরকারের ভিবি জিরামজি প্রকল্পের ১২৫ দিনের কাজের স্থানে লোকশিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাদ্র মাসজুড়ে বাংলার বিভিন্ন প্রান্তে ভাদু গান পরিবেশনের রীতি রয়েছে। গ্রামীণ বাংলার মানুষের জীবনযাত্রা, আবেগ, আনন্দ-বেদনা ও সামাজিক বার্তা এই গানের মাধ্যমে ফুটে ওঠে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভাদু গানের কথায় উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক বিষয়ও। নওপাড়ার কর্মস্থলে আয়োজিত এই ভাদু গানের আসরেও উঠে আসে ১২৫ দিনের কাজের কথা, গ্রামীণ জীবন ও বাংলার লোকসংস্কৃতির নানা দিক।

অনুষ্ঠানে লোকশিল্পী হিসেবে ছিলেন অবধুত ডোম, মাধব ডোম, কৃষ্ণ ডোম, শান্তি ডোম, ভুটুক ডোম এবং বায়েন শ্রী গণেশ ডোম সহ অন্যান্য শিল্পীরা। তাঁদের পরিবেশনায় কর্মস্থলে তৈরি হয় সাংস্কৃতিক আবহ। কাজের ফাঁকে ভাদু গানের আসর উপভোগ করেন উপস্থিত মানুষজন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ৫৯ নম্বর বুথ সভাপতি চন্দন বাউরী, শেখ নেয়াম, মদন ডোম, মিন্টু ডোম সহ স্থানীয় বাসিন্দারা। ভাদু গান বাংলার লোকসংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ। গ্রামীণ বাংলার মানুষের ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে জড়িয়ে থাকা এই গানকে কর্মস্থলে তুলে ধরার উদ্যোগে নতুন প্রজন্মের কাছে লোকসংস্কৃতির পরিচয় পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটবে বলে মনে করছেন উপস্থিতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *