শম্ভুনাথ সেনঃ
অন্নপূর্ণা প্রকল্পের আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগে আজ ২১ আগষ্ট বীরভূম জেলার বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপক বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ মহিলারা। খয়রাসোল ও দুবরাজপুর বিডিও অফিস, দুবরাজপুর পৌরসভা এবং মুরারই ২ নম্বর ব্লকে মহিলারা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকল্পের প্রতিশ্রুতি মিললেও অ্যাকাউন্টে একটি টাকাও ঢোকেনি।
পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় শেষ পর্যন্ত ব্লক প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিক্ষোভকারী মহিলাদের মধ্যে মুরারইতে সোনালী হালদার তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও তীব্র হবে। প্রশাসনের আশ্বাসের অপেক্ষায় রয়েছেন অন্নপূর্ণা যোজনা প্রকল্পের বঞ্চিত মহিলারা।

