শম্ভুনাথ সেনঃ
ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ২২ নভেম্বর রবিবার ভোরে ট্রাক্টর উল্টে মৃত্যু হলো ৪৬ বছর বয়সী শ্রীমন্ত সাহার। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এসেছে বীরভূমের রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলের কবিলাসপুর গ্রাম ও সংলগ্ন এলাকায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রীমন্ত সাহার বাড়ি কবিলাসপুর গ্রামেই। প্রতিদিনের মতো এদিন ভোরেও নিজের ট্রাক্টর নিয়ে বাড়ি থেকে জমির উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি। মাঠের কাজ সেরে বাড়ি ফেরার পথেই ঘটে বিপত্তি। কোনোভাবে ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি এবং সেটি রাস্তার পাশেই উল্টে যায়। দুর্ঘটনার অভিঘাতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর জখম হন শ্রীমন্তবাবু।
দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাঁকে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি; হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। শ্রীমন্তবাবুর অকাল প্রয়াণের খবর গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এলাকার পরিচিত ও অমায়িক এই মানুষটির মৃত্যুতে শোকে মূহ্যমান গ্রামবাসীরা।
