প্রেমের আড়ালে মাদকের রমরমা কারবার! বীরভূমের দুবরাজপুরে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার প্রেমিক-প্রেমিকা

শম্ভুনাথ সেনঃ

ভালোবাসার আড়ালে মাদকের অবৈধ সাম্রাজ্য গড়ার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। বীরভূমের দুবরাজপুর থানা এলাকার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ এক প্রেমিক-প্রেমিকাকে হাতে-নাতে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের আগুলিয়া গ্রাম থেকে একটি টোটোয় করে আসছিলেন রুপালি বাগদি এবং তার ঠিক পেছনে বাইকে আসছিলেন সঞ্জয় অধিকারী। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পুলিশ দুজনকে আটকায়। এরপর মহিলা পুলিশকে দিয়ে তল্লাশি চালানো হলে রুপালির কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মারণ মাদক ব্রাউন সুগার।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত দুজনেই বিবাহিত হলেও দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন। লোকচক্ষুর আড়ালে এই সম্পর্কের আড়ালেই তারা দীর্ঘ দিন ধরে অবৈধ মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে দুবরাজপুর ব্লকের বিডিও তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুভদীপ চ্যাটার্জী এবং থানার ওসি অমিত প্রামাণিকের উপস্থিতিতে ধৃতরা মাদক বিক্রির কথা স্বীকার করে। পুলিশ তাদের যাতায়াতে ব্যবহৃত বাইকটি বাজেয়াপ্ত করেছে এবং ধৃতদের সিউড়ি আদালতে তোলার ব্যবস্থা করা হয়েছে। এই মাদকের কারবারের শিকড় কতদূর বিস্তৃত এবং এর নেপথ্যে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *