শম্ভুনাথ সেনঃ
বিলম্বে নয়, অবিলম্বে বকেয়া বিল ও সিকিউরিটি মানি পরিশোধের দাবি জোরালো হলো বীরভূমের রাজনগর ব্লকে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের বকেয়া অর্থ ও সিকিউরিটি মানি অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে ব্লকের ঠিকাদারদের একটি প্রতিনিধিদল রাজনগর ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর হাতে আজ ১৯ আগষ্ট একটি স্মারকলিপি তুলে দেন।
এদিন রাজনগর বিডিও অফিসে বিভিন্ন অঞ্চলের ঠিকাদাররা উপস্থিত হয়ে বিডিও শুভাশীষ চক্রবর্তীর সঙ্গে দেখা করেন এবং তাঁদের দাবি সম্বলিত ডেপুটেশন জমা দেন। আন্দোলনকারী ঠিকাদারদের পক্ষে পরিতোষ মণ্ডল সংবাদমাধ্যমকে জানান, পথশ্রী, মিড ডে মিল (APAS) এবং মনরেগা (MGNREGA) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ সম্পন্ন হলেও তাঁদের প্রাপ্য বকেয়া বিল এবং সিকিউরিটি মানির টাকা এখনও হাতে আসেনি। এর ফলে ঠিকাদারদের বড় ধরনের আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে।
তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বিষয়ে ইতিপূর্বে উচ্চ আদালতের আইনজীবীর মাধ্যমে চিঠি দেওয়া হলেও কোনো সদুত্তর মেলেনি। পাশাপাশি, বালির প্রাপ্তি নিয়ে চলমান সমস্যার কারণেও কাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তবে বর্তমান রাজ্য সরকারের ওপর পূর্ণ আস্থা ও ভরসা রেখে তাঁরা আশাবাদী যে শীঘ্র এই জটিলতার অবসান ঘটবে। অন্যথায়, সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদারদের একাংশ। এখন প্রশাসনিক মহলে এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার বিষয়।

