গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত আগর গ্রাম, পুলিশের উপর হামলার অভিযোগ, আহত ৪ পুলিশ

সেখ রিয়াজুদ্দিনঃ

গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সদাইপুর থানার ভুরকোণা অঞ্চলের আগর গ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছনো পুলিশের উপর ইট-পাটকেল ছোড়া এবং মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় চারজন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের মাথায় গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে। আহত পুলিশকর্মীদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে আগর গ্রামে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় সদাইপুর থানার পুলিশ। অভিযোগ, পুলিশ বাহিনী গ্রামে পৌঁছতেই উত্তেজিত জনতার একাংশ তাদের উপর চড়াও হয়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার পাশাপাশি কয়েকজন পুলিশকর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ।

এই ঘটনায় চারজন পুলিশকর্মী আহত হন। পাশাপাশি পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দু’জনের মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে সূত্রের খবর।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনার পর এলাকায় র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশকর্মীদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গভীর রাতে ৯ জন পুরুষ ও ৭ জন মহিলাকে আটক করা হয়।

শুক্রবার আটক ব্যক্তিদের সিউড়ি আদালতে তোলা হলে, তদন্তের স্বার্থে তিনজনকে ৫ দিন পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বাকিদের ১৪ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সিউড়ি আদালতের এক আইনজীবী জানান।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *