ভাইফোঁটার আনন্দ নিমেষে ম্লান: বীরভূমের জয়দেব কেন্দুলিতে বাইক-টোটো মুখোমুখি সংঘর্ষে আশঙ্কাজনক ৩, আহত মোট ৫

শম্ভুনাথ সেনঃ

ভাইফোঁটার উৎসবের দিনেই ১১ নভেম্বর বীরভূমের ইলামবাজার থানার জয়দেব কেন্দুলি এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক পথদুর্ঘটনা। বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত মোট পাঁচজন, যাদের মধ্যে তিন যুবকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উৎসবের দিন বেলা ১১টা নাগাদ জয়দেব কেন্দুলির আকম্বা বাসস্ট্যান্ড সংলগ্ন ডোমপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ইলামবাজারের দিক থেকে আকম্বার দিকে একটি মোটরসাইকেলে চেপে তিনজন যুবক যাচ্ছিলেন। সেই সময়ই বিপরীত দিক অর্থাৎ আকম্বা থেকে ইলামবাজারের দিকে যাওয়া একটি টোটোর সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুতগতিতে থাকা মোটরসাইকেলটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহী তিন যুবক ছিটকে রাস্তায় পড়েন এবং টোটোতে থাকা দুই যাত্রীও আঘাত পান।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধারে হাত লাগান। খবর দেওয়া হয় জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পাঁচজন আহতকেই দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।
পুলিশ সূত্রে খবর, মোটরসাইকেলে থাকা তিন যুবকের নাম বিজয় হেমরম, লক্ষ্মীন্দর হেমরম ও সন্ন্যাসী হেমরম। তাঁদের বয়স ২২ থেকে ২৬ বছরের মধ্যে এবং তাঁরা সকলেই জয়দেব কেন্দুলি অঞ্চলের আকম্বা আদিবাসীপাড়ার বাসিন্দা। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বাইকের তিন যুবকের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দুর্ঘটনা কবলিত যান দুটিকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কী কারণে এবং কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জয়দেব কেন্দুলি ফাঁড়ির পুলিশ। উৎসবের দিনে এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় এবং আহতদের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *