শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পুরশহরের চার নম্বর ওয়ার্ডে সেনপাড়ায় একটি দোতলার উপরে আজ ২৭ অক্টোবর সাত সকালে এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গৃহবধুর নাম বর্ষা দাস (২২) । অভিযোগ পেয়ে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। বছর দেড়েক আগে কাঁকড়তলার নবসন গ্রামের ধরম বাউরীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুবরাজপুরে তারা দুজনে ভাড়াবাড়িতে থাকতো।

তবে প্রতিবেশীদের সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই তাঁদের সংসারে প্রায়ই অশান্তি ও কলহ লেগেই থাকত। আজ মঙ্গলবার সকালে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, বর্ষাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনার পর স্বামী ধরম বাউরী (২৫) পালিয়ে যায়।
এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে দুবরাজপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তৎপরতা শুরু করে দুবরাজপুর থানার পুলিশ এবং অভিযুক্ত স্বামী ধরম বাউরীকে দ্রুত গ্রেপ্তার করে। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।
