সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূমের খয়রাশোল ব্লকের নাকরাকোন্দা অঞ্চলে গঙ্গারামচক-ভাদুলিয়া কয়লাখনিতে কয়লা উত্তোলন চললেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পরিবহণ। ফলে লক্ষ লক্ষ মেট্রিক টন কয়লা মজুত হয়ে পড়ে রয়েছে। এতে কয়লার গুণগত মান হ্রাসের পাশাপাশি অগ্নিকাণ্ডের আশঙ্কাও বাড়ছে। সম্প্রতি জমাকৃত কয়লার স্তূপের মধ্যে আগুন লাগার চিত্র দেখা যায় বলে জানা যায়।
সরকারি সংস্থা ডব্লিউবিপিডিসিএলের অধীন এই খনিতে পরিবহণ বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন গাড়ির মালিকেরা। ঋণ নিয়ে গাড়ি কিনলেও পরিবহণ বন্ধ থাকায় নিয়মিত কিস্তি মেটাতে সমস্যায় পড়ছেন তাঁরা।
উল্লেখ্য গত ৯ অক্টোবর সিউড়িতে জেলাশাসক, বিধায়ক অনুপ কুমার সাহা ও খনি কর্তৃপক্ষের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে খনিসংলগ্ন গ্রামের বাসিন্দাদের বিভিন্ন দাবিতে ‘চাক্কা জ্যাম’ আন্দোলন চলায় এখনও স্বাভাবিক হয়নি পরিবহণ ব্যবস্থা।
বিধায়ক অনুপ কুমার সাহা জানান, শিল্পের স্বার্থে প্রশাসন ও খনি কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। ছোটখাটো সমস্যাগুলি শীঘ্রই মিটবে বলে তিনি আশাবাদী। তবে পরিবহণ বন্ধের প্রকৃত কারণ খনি কর্তৃপক্ষই বলতে পারবেন। এই পরিস্থিতিতে সরকারি সম্পত্তির সুরক্ষা ও গাড়ির মালিকদের আর্থিক সংকট কাটাতে দ্রুত সমাধানের দাবি উঠছে।
