শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের কৃষিজমি রক্ষা এবং টেকসই শিল্পায়নের দাবিতে জেলা সদর সিউড়িতে জেলা প্রশাসনের কাছে আজ ২৫ আগষ্ট স্মারকলিপি দিল ‘লোবা কৃষিজমি রক্ষা কমিটি’। জেলা শাসক ও জেলা ভূমি সংস্কার দফতরে (DL&LRO) মোট ১১ দফা দাবি সম্বলিত এই লিখিত প্রস্তাব জমা দেওয়া হয়েছে।
সংগঠনের নেতৃত্বের দাবি, দুবরাজপুর ব্লকের লোবা এলাকায় জমি ও পরিবেশ রক্ষা করে দূষণমুক্ত শিল্প গড়ে তুলতে হবে। এলাকায় নতুন শিল্প স্থাপন ও বন্ধ থাকা কয়লা খনি শিল্প পুনরুজ্জীবিত করা সম্ভব হলে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে। কৃষি জমিকে অক্ষুণ্ণ রেখে সরকারি সহযোগিতায় কীভাবে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, সে বিষয়ে একাধিক গঠনমূলক প্রস্তাব দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে কমিটির সভাপতি শ্যামল মন্ডল ও সম্পাদক জয়দীপ মজুমদারদের স্বাক্ষরের পাশাপাশি এলাকার বাসিন্দাদের সমর্থনে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে আজকের এই স্মারকলিপি চিঠিটি গ্রহণ করা হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়। স্থানীয়দের আশা, দ্রুত বিষয়টির সমাধান হবে।


