বীরভূমের তন্ত্রক্ষেত্র তারাপীঠে কৌশিকী অমাবস্যায় কিউআর কোড ও ফায়ার রোবটে নিরাপত্তার নয়া পদক্ষেপ

শম্ভুনাথ সেনঃ

এবার কৌশিকী অমাবস্যায় বীরভূমের তন্ত্রক্ষেত্র তারাপীঠে আসা ভক্ত পুণ্যার্থীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ নিল বীরভূম জেলা প্রশাসন। ৩১ আগস্ট, সোমবার সন্ধ্যায় তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের কার্যালয়ে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, আগামী ১০ই সেপ্টেম্বর এবার কৌশিকী অমাবস্যা। এদিন বৈঠকে জেলাশাসক ধবল জৈন, পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা ও তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের সদস্য নিখিল বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।
লক্ষাধিক ভক্তের ভিড় সামলাতে সমগ্র তারাপীঠ জুড়ে বসানো হচ্ছে কিউআর কোড বোর্ড। মোবাইলে তা স্ক্যান করলেই মিলবে ডিজিটাল গাইডম্যাপ; যা থেকে মন্দির চত্বর, বিকল্প পথ, নো-এন্ট্রি জোন, পুলিশ সহায়তা কেন্দ্র, সেবাকেন্দ্র ও হাসপাতালের অবস্থান জানা যাবে। সম্প্রতি হোটেলে অগ্নিকাণ্ডে ন’জন পুণ্যার্থীর মৃত্যুর ঘটনার জেরে এবার অগ্নিসুরক্ষায় বাড়তি জোর দিয়ে আনা হচ্ছে স্বয়ংক্রিয় ‘ফায়ার ফাইটিং রোবট’।
পরিবহণ সুগম করতে চিলা ব্রিজের মাঠ সহ বিভিন্ন জায়গায় থাকছে পার্কিং জোন। মনসুবা মোড় থেকে আটলা মোড় পর্যন্ত থাকবে ৩০টি সহায়তা কেন্দ্র। দ্বারকা নদে প্রস্তুত থাকবে দক্ষ ডুবুরি দল। অতিরিক্ত হোটেল ভাড়া ঠেকাতে প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি বৈঠকে শেষে প্রশাসনিক কর্তারা মন্দির চত্বর সহ বিভিন্ন স্থানগুলি পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *