সেখ রিয়াজুদ্দিনঃ
দুর্ঘটনা, জরুরি পরিস্থিতি কিংবা কোনও অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ করতে এবার আরও তৎপর পুলিশ প্রশাসন। জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে দ্রুত পুলিশি পরিষেবা পৌঁছে দিতে রাজ্যজুড়ে চালু করা হয়েছে ১১২ নম্বরের বিশেষ পুলিশ পরিষেবা। এই নম্বরে ফোন করে ঘটনার কথা জানালেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর ব্যবস্থা করবে পুলিশ। এই পরিষেবাকে আরও কার্যকর করতে রাজ্যের প্রতিটি থানায় বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে থানাগুলিতে স্করপিও ও এনফিল্ড গাড়ি প্রদান করা হয়েছে বলে জানা গিয়েছে। গাড়িগুলিতে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম, যান চলাচল নিয়ন্ত্রণের সামগ্রী-সহ জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে। ফলে দুর্ঘটনা বা অন্য কোনও জরুরি ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে পারবে পুলিশ।
রাজ্যের অন্যান্য থানার পাশাপাশি বীরভূমের খয়রাশোল থানাতেও পৌঁছেছে ১১২ নম্বরের পুলিশ পরিষেবার বিশেষ গাড়ি। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর এই পরিষেবা চালু হওয়ায় খয়রাশোল থানা এলাকার সাধারণ মানুষ জরুরি প্রয়োজনে ১১২ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চাইতে পারবেন। পুলিশের এই উদ্যোগের ফলে দুর্ঘটনা মোকাবিলা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি হস্তক্ষেপের ক্ষেত্রে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, এলাকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। খয়রাসোল থানায় দুর্গাপূজা কমিটির হাতে সরকারি আর্থিক সহায়তা প্রদান কর্মসূচীতে উপস্থিত দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর এরূপ উদ্যোগ সহ পুলিশ প্রশাসনের কাজ আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে বিস্তারিত বিবরণ দেন।
