সেখ রিয়াজুদ্দিনঃ
পঞ্চায়েতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তদন্ত এবং তার বিচার, পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার দাবিতে ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআই(এম)। দলের রামপুরহাট-১ এরিয়া কমিটির উদ্যোগে পঞ্চায়েতভিত্তিক ডেপুটেশন কর্মসূচির অংশ হিসেবে বুধবার ‘নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত চলো’ অভিযান অনুষ্ঠিত হয়।
এদিন দলীয় কর্মী-সমর্থকরা মিছিল ও বিক্ষোভের মাধ্যমে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে পৌঁছে একাধিক দাবিতে ডেপুটেশন দেন। তাঁদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য—দ্রুত ১০০ দিনের কাজ চালু করা, অন্নপূর্ণা ভাণ্ডার-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা সমস্ত যোগ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রত্যেক গরিব মানুষের জন্য আবাস যোজনার ব্যবস্থা করা, এলাকার বেহাল রাস্তাঘাট সংস্কার এবং নিকাশি নালার উন্নতি করা। পাশাপাশি, বিগত পঞ্চায়েত আমলে কথিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়। এদিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা সঞ্জীব মল্লিক, সঞ্জীব বর্মন ও অমিতাভ সিং। সভায় সভাপতিত্ব করেন বিষ্ণু দে। সিপিআই(এম) নেতা সঞ্জীব মল্লিক জানান, রামপুরহাট-১ ব্লকের সমস্ত পঞ্চায়েতে পর্যায়ক্রমে ডেপুটেশন কর্মসূচি পালন করা হবে। এরপর আগামী ২৮ আগস্ট ব্লক অফিসের সামনে ধর্না অবস্থান এবং সেখান থেকে স্মারকলিপি প্রদান করা হবে।

