শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাটে ভুল ইনজেকশন দেওয়ার কারণে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। মৃতের নাম প্রিয়জিত মাল (১১)। সে রামপুরহাট থানার বেলে নারায়ণপুর গ্রামের বাসিন্দা! বাবার নাম বুদ্ধদেব মাল। স্বজনদের অভিযোগ, অসুস্থ প্রিয়জিতকে স্থানীয় চিকিৎসকের চেম্বারে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ভুল ইনজেকশন প্রয়োগের পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং মর্মান্তিক মৃত্যু হয়। উল্লেখ্য, এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। দোষী চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্রের মৃতদেহ চেম্বারের সামনে রেখেই চলে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। স্বজনহারা পরিবারের একটাই দাবি— ঘটনার সঠিক তদন্ত করে দোষী চিকিৎসককে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়।
